২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় দফায় অনলাইনে আবেদনের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে এ ফল প্রকাশ করা হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, দ্বিতীয় দফার আবেদনকারীদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৩৬৬ জনকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় দফার আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ২৮ সেপ্টেম্বর রাত ৮টায়।
নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল ৪ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।
শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে নির্দেশিকা অনুসরণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার সুযোগ পেয়েছেন।
যারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পেরেছেন
দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পেয়েছেন—যারা প্রথমে আবেদন করেননি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, চূড়ান্ত মনোনয়ন পেয়েও নির্বাচন নিশ্চায়ন বা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেননি এবং ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেননি।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে আবেদন করেও কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ নির্বাচন বা এডিট সম্পন্ন করতে হবে।
এর আগে ১৬ সেপ্টেম্বর প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছিল।
আরএন