ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ফরিদুল রহমান (৩৬) নামে এক সাবেক মাদরাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের ছাবির হোসেনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসায় একসময় সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ফরিদুল রহমান। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার বিকেলে গুনিয়াউক ইউনিয়নের বেলমুড়া এলাকার একটি ডোবায় অর্ধগলিত একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্বজনেরা এসে মরদেহটি ফরিদুল রহমানের বলে শনাক্ত করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেছেন।
এসএ