দক্ষিণ আফ্রিকায় মারুফ বেপারি (পরিচিতি অনুযায়ী) নামে শরীয়তপুরের ডামুড্যার এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের বুস্টার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়।
নিহত মারুফ বেপারি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত আব্দুস সোবহান বেপারির ছেলে। তাঁর তিন সন্তান রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, জীবিকার তাগিদে দীর্ঘদিন আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান মারুফ। সেখানে ১৪ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছিলেন তিনি।
স্বজনদের অভিযোগ, দক্ষিণ আফ্রিকার বুস্টার এলাকায় ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় একটি গোষ্ঠী তাঁর কাছে প্রতি মাসে ৫০০ র্যান্ড চাঁদা দাবি করত। সম্প্রতি এ টাকা দেওয়া নিয়ে তাঁদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে মারুফকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজন ও স্থানীয় প্রবাসীরা।
স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, মারুফের মরদেহ বর্তমানে দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রয়েছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।
এফএস