এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্য নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের ভাবনায় শুধু এবারের আসর নয়, এর পরের বড় মঞ্চও।
এশিয়ান গেমসে ভালো করে ধাপে ধাপে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের দিকে এগিয়ে যেতে চান তিনি।
এশিয়ান গেমসে রওয়ানা হওয়ার আগে সংবাদ সম্মেলনে লিটন বলেন, এই আসরে বাংলাদেশের প্রথম লক্ষ্য ফাইনালে ওঠা।
ফাইনালে পৌঁছাতে পারলে সোনা জয়ের সুযোগ তৈরি হবে। লিটন বলেন, ‘অলিম্পিক কে না খেলতে চাবে! প্রথমত আমরা যে ইভেন্টের জন্য যাচ্ছি, আমরা যদি এই ইভেন্টটা ভালো খেলি আমার মনে হয় আল্টিমেট জায়গা ওখানে আমরা পৌঁছে যাব।
কাজেই ফোকাস হচ্ছে যে এই ইভেন্টটা আমরা কীভাবে ভালো খেলতে পারি এবং যে জিনিসটা বললাম যে আমরা কীভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি। ফাইনাল খেললে আপনার একটা অপরচুনিটি থাকবে গোল্ড জেতার, তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে।
ক্রিকেটে যে জিনিসটা বলি অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ, আমরা ম্যাচ বাই ম্যাচেই যাব এবং বিগার টার্গেট হচ্ছে ওটাই।’
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট থাকলেও সেখানে জায়গা হবে মাত্র ছয়টি দলের। তাই বাংলাদেশের সামনে পথটা কঠিন। এশিয়ান গেমসের মঞ্চকে সেই বড় স্বপ্নের প্রস্তুতি হিসেবেই দেখছেন লিটনরা।
এবারের এশিয়ান গেমসে ভারতের পাশাপাশি পাকিস্তানসহ বেশ কয়েকটি দল মূল দল নিয়ে খেলছে। তবে প্রতিপক্ষ নিয়ে অতিরিক্ত ভাবতে চান না বাংলাদেশ অধিনায়ক। বরং নিজেদের খেলায় মনোযোগ রাখাই লক্ষ্য।
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য নিয়ে লিটন বলেন, ‘অবশ্যই এখানে লক্ষ্য তো একটা থাকবে যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে ভালো কিছু করতে পারি।’
জাতীয় দলের নিয়মিত ক্রিকেটের বাইরে এশিয়ান গেমসের মতো আসরে খেলার সুযোগটিও আলাদা গুরুত্ব পাচ্ছে লিটনের কাছে। কারণ এমন আসর নিয়মিত আসে না।
অধিনায়ক বলেন, ‘দেখেন প্রত্যাশা তো সবাই করবে। খেলোয়াড় হিসেবে আমিও তো প্রত্যাশা নিয়েই যাব যে ওখানে ভালো কিছু করব। আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের খেলোয়াড়রা অনেক আগ্রহের সঙ্গে আছে এই টুর্নামেন্টে খেলার জন্য। কারণ এই টুর্নামেন্টে প্রতিবার আসে না, আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ বা ন্যাশনাল টিমের যে কোনো জিনিস একবছর পরপরই পেয়ে যাবেন, বাট এই খেলাটা খুব রেয়ার হয়। এবং প্রত্যেকটা খেলোয়াড় অনেক রোমাঞ্চিত এবং বড় স্বপ্ন যেটা সেটাই পূরণ করার চেষ্টা সবাই ওটাই করব।’
দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে কিছুটা দূরে থাকলেও এশিয়ান গেমসের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না লিটন। ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে দল।
তিনি বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো হয়েছে। দুটো প্র্যাকটিস গেম খেলার সুযোগ পেয়েছি। অনেকদিন পর আপনারা জানেন যে আমরা লাস্ট টি-টোয়েন্টি সিরিজ খেলেছি অলমোস্ট জিম্বাবুয়েতে। তো ওখান থেকে এক সঙ্গে বন্ডিং হওয়ার একটা সুযোগ এই প্রস্তুতি ম্যাচ। আমার কাছে মনে হয় প্রস্তুতি হিসেবে খুবই ভালো।’
এশিয়ান গেমসে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। আগামী ২৯ সেপ্টেম্বর প্রথম পর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে মাঠে নামবে লিটনের দল। সেই ম্যাচ থেকেই শুরু হবে সোনা জয়ের পথে বাংলাদেশের অভিযান।
এসএ