জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অন্যরা যেখানে শুধু শান্তির কথা বলেছে, সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “যেখানে অন্যরা শুধু কথা বলেছে, আমি কাজ করে দেখিয়েছি। যেখানে অন্যরা শান্তির কথা বলেছে, আমি শান্তি স্থাপন করেছি। যেখানে অন্যরা হুমকিকে উপেক্ষা করেছে, আমি তাদের মোকাবিলা করেছি।”
তিনি আরও বলেন, বিপজ্জনক ব্যক্তিদের আর একদিনও শক্তিশালী হতে দিতে তিনি রাজি নন। অন্য দেশগুলো যেখানে সাহস ও শক্তির কথা বলেছে, সেখানে যুক্তরাষ্ট্র তা বাস্তবে দেখিয়েছে বলেও দাবি করেন তিনি।
বক্তব্যে ইরানের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, এই মুহূর্তে ইরানের চেয়ে বড় হুমকি আর কেউ হতে পারে না। ইরান বিশ্বকে বিপন্ন করে উঠছিল এবং তিনি দেশটিকে আর পারমাণবিক শক্তির অধিকারী হতে দেবেন না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে। এর পর থেকে দুই পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত চলছে। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হলেও পরবর্তী সময়ে ফের হামলা-পাল্টা হামলা হয়েছে।
সূত্র: সিএনএন
এসএস