ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ থাকা সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম আবারও শুরু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কম গতিতে তেল পাম্পিং শুরু হয়েছে এবং একই দিন লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে পুনরায় তেল রপ্তানি শুরু হতে পারে।
সৌদি আরব তাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তেল নিয়ে আসে এই ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে। এরপর লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে এই তেল বহির্বিশ্বে; বিশেষ করে এশিয়ার বাজারগুলোতে রপ্তানি করে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পাইপলাইনটি দিয়ে ধীরগতিতে তেল পাম্প করা হচ্ছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর গত ১৩ সেপ্টেম্বর এ পাইপলাইনে ড্রোন হামলা চালায় ইরাকের সশস্ত্র গোষ্ঠী। এরপর নিরাপত্তার কারণে পাইপলাইন দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় সৌদি।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যুদ্ধ চলার কারণে গত মার্চ থেকে হরমুজ প্রণালি বন্ধ আছে। এরফলে উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলোর তেল রপ্তানিতে বিঘ্ন ঘটলেও; সৌদি লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে নিজেদের রপ্তানি অনেকটাই স্বাভাবিক রেখেছিল। এরমধ্যে ১ হাজার ২০০ কিলোমিটার লম্বা পাইপলাইনে হামলা হয়।
এরপর সৌদি আবারও হরমুজ প্রণালি দিয়ে তাদের রপ্তানি বাড়িয়ে দেয়।
এরমধ্যে গত সপ্তাহে সৌদি উপসাগরে সাতটি সুপারট্যাংকার তেল দিয়ে লোড করে। যেগুলোর ১৪ মিলিয়ন ব্যারল তেল বহনের ক্ষমতা আছে।
সূত্র: দ্য ন্যাশনাল
এসএস