ইয়েমেনের সরকারি বাহিনীকে লক্ষ্য করে তাইজসহ দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ড্রোন, কামান ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে হুথি বিদ্রোহীরা। ড্রোন থেকে মর্টার শেল নিক্ষেপের পাশাপাশি বিভিন্ন এলাকায় গোলাবর্ষণও চলছে।
হামলার পর তাইজের স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতার মাত্রা বাড়িয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি বাহিনী ও হুথি কোনো পক্ষই এখন পর্যন্ত উল্লেখযোগ্য ভূখণ্ড দখল করতে পারেনি। উভয় পক্ষের অগ্রগতিও সীমিত রয়েছে।
তবে জনবহুল এলাকায় সংঘর্ষ ও হামলার কারণে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। বিশেষ করে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কর্মীদেরও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, হুথিদের অসংখ্য ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোনের মাধ্যমে মর্টার শেল নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ফেলা হচ্ছে বলেও দাবি করেছে তারা।
প্রায় দুই মাস ধরে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি বাহিনীর সঙ্গে হুথিদের সংঘর্ষ চলছে। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা থেকে হুথিদের সরিয়ে দিতে সরকারি বাহিনী অভিযান চালাচ্ছে। অন্যদিকে হুথিরাও নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার বিস্তার ঘটানোর চেষ্টা করছে।
সূত্র: আলজাজিরা
এসএস