বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে সশস্ত্র বাহিনীর সঙ্গে পরিচালিত নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন নিশ-১ প্রোগ্রাম (এসএসসি ও এইচএসসি) সমন্বয় সেলের সভাপতি ও ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছাঃ শিরিন সুলতানা।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, নিশ-১ প্রোগ্রামটি বাউবির শিক্ষা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সঙ্গে আরও নতুন নতুন ক্ষেত্রে কাজের সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, নিশ-১-এর ধারাবাহিকতায় নিশ-২ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে নিশ-৩ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। নিশ-৩-এর আওতায় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ ও তাঁদের শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতির বিষয়টি গুরুত্ব পাবে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কর্মশালার মাধ্যমে এ কার্যক্রমের কারিকুলাম চূড়ান্ত করা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকে এটি চালুর আশা করা হচ্ছে।
উপাচার্য আরও বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষের জন্য বাউবি দ্বিতীয়বার শিক্ষার সুযোগ সৃষ্টি করছে। এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তিনি নিশ-১ প্রোগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, নিশ-১ বাউবির একটি বিশেষায়িত ও মানসম্মত প্রোগ্রাম। এর গুণগত মান আরও উন্নত করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নিশ-১-এর ধারাবাহিকতায় নিশ-২ ও নিশ-৩সহ ভবিষ্যৎ কার্যক্রমেও বাউবির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ প্রোগ্রাম পরিচালনায় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রোগ্রামটির গুণগত মান আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বাউবি ও সশস্ত্র বাহিনীর মধ্যকার শিক্ষা কার্যক্রম সুসংহত ও বেগবান করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন এইচএসসি (নিশ-১) পরীক্ষা-২০২৬ আয়োজন এবং পরীক্ষা-পরবর্তী স্পট ইভালুয়েশন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া এইচএসসি (নিশ-১) প্রোগ্রামের সমন্বয়কারী, টিউটর, প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের সম্মানী অনলাইনে পরিশোধের লক্ষ্যে প্রত্যেকের EMIS আইডি গ্রহণ ও বিল দাখিলের নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার পূর্বে কেন্দ্র পরিবর্তন না করার বিষয়টিও সভায় নিশ্চিত করা হয়। একই সঙ্গে সেনাসদর, নৌসদর ও বিমানসদর শিক্ষা পরিদপ্তর থেকে প্রাপ্ত বিভিন্ন প্রস্তাবনা ও আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য ড. রাফসান মাহমুদ, ড. মো. মোতাহারুল ইসলাম, ওপেন স্কুলের সহকারী অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য জনাব আল-আমিন সরকার, সেনাসদর শিক্ষা পরিদপ্তরের লে. কর্নেল মো. আশরাফুল ইসলাম, নৌসদর শিক্ষা পরিদপ্তরের ক্যাপ্টেন এস এম রায়হান রউফ, বাংলাদেশ নৌবাহিনীর নৌসদর শিক্ষা পরিদপ্তরের কমান্ডার মাহবুব আহমেদ শাহজালাল, বাংলাদেশ বিমান বাহিনীর শিক্ষা পরিদপ্তরের উইং কমান্ডার কামরুন নাহার, বাংলাদেশ নৌবাহিনীর নৌ শিক্ষা পরিদপ্তরের লে. মো. তামজীদ আরমান (এক্স) বিএন এবং বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা হাজী মহসিনের জনাব মোহাম্মদ আবু ইউছুপ মজুমদার, এমসিপিও (এক্স)।
যৌথ সভার উপস্থাপনা করেন বাউবির ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ও নিশ-১ প্রোগ্রাম সমন্বয় সেলের সদস্য-সচিব ড. মো. আদনান আরিফ সালিম।