চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝরনা এলাকায় এক দর্শনার্থীকে ভয়ভীতি দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। শনিবার সন্ধ্যায় আটকের পর রাতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ অপি।
অভিযোগকারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারীর শিক্ষার্থী মো. আসহাব উদ্দিন বলেন, শনিবার বিকেলে চবি ঝরনা এলাকায় ঘুরতে গেলে শিমুল ও তাঁর দুই সহযোগী তাঁকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁর কাছ থেকে নগদ ১৫০ টাকা এবং বিকাশে ১ হাজার ২০ টাকা নেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে প্রক্টরিয়াল বডি অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। সহকারী প্রক্টর খায়রুল ইসলাম সুজন বলেন, ওই দর্শনার্থীকে ভয় দেখিয়ে ছবি ও ভিডিও ধারণের পর নগদ ও বিকাশে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ার পর ভুক্তভোগী থানায় মামলা করলে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবরও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এফএস