চার দশকের পথ পেরিয়ে ৪১ বছরে পদার্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করা সংগঠনটি দীর্ঘ পথচলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন, শিক্ষার্থীদের নানা সমস্যা ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো গণমাধ্যমে তুলে ধরে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের প্রতিনিধি, ডুজার সাবেক ও বর্তমান সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক কাঠামো ও সাংবাদিকদের পেশাগত অধিকার নিয়ে গুরুত্বারোপ করেন। তার ভাষ্য, গণমাধ্যম ও সাংবাদিকের সংখ্যা বাড়ার পাশাপাশি সাংবাদিকরা কর্মক্ষেত্রে যথাযথ মর্যাদা, বেতন ও শ্রমের মূল্য পাচ্ছেন কি না, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি।
তিনি আরও বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠান চালুর আগে সাংবাদিক ও কর্মীদের নিয়মিত বেতন দেওয়ার সক্ষমতা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার। হঠাৎ কোনো প্রতিষ্ঠান চালু হয়ে অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে গেলে সাংবাদিকদের পেশাগত অনিশ্চয়তায় পড়তে হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেসানী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহজ নয়। তবে দীর্ঘদিন ধরে ক্যাম্পাস সাংবাদিকরা দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করছেন। তাদের প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের সাফল্যের পাশাপাশি বিভিন্ন সমস্যা ও অসংগতিও উঠে আসে, যা প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হয়।
অনুষ্ঠানে বক্তারা ক্যাম্পাস সাংবাদিকতায় তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য নেওয়া এবং ব্যক্তিগত বা সাংগঠনিক স্বার্থের ঊর্ধ্বে থেকে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠার চার দশক পূর্ণ করে ৪১ বছরে পদার্পণ উপলক্ষে ডুজার বর্তমান ও সাবেক সদস্যরা সংগঠনের ঐতিহ্য, পেশাগত মান ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এফএস