২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম আজ রোববার শুরু হচ্ছে। গতকাল শনিবার রাতে প্রকাশিত চূড়ান্ত ফলে শিক্ষার্থীদের মনোনীত কলেজের নাম জানানো হয়েছে। নির্বাচিতরা আজ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি নিশ্চিত করতে পারবেন।
চূড়ান্ত ফল xiclassadmission.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও ফল এসএমএসে পাঠানো হয়েছে।
ভর্তির সময় অনলাইন মার্কশিট, এসএসসি প্রবেশপত্র, দুই থেকে চার কপি রঙিন ছবি, আবেদন নিশ্চায়নের কপি এবং শিক্ষার্থী-অভিভাবকের মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে।
এবার কলেজ ও এলাকার ধরনভেদে ভর্তি ফি ১ হাজার ৫০০ থেকে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মোট আসনের ৯৩ শতাংশ উন্মুক্ত মেধার ভিত্তিতে পূরণ হবে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত।
এবার মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন আবেদন করেছেন। প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন মনোনীত হয়েছেন।
আগামী ২৩ সেপ্টেম্বর ক্লাস শুরুর কথা থাকলেও ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির কারণে তা এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
এফএস