ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে থাকা অবৈধ ও ভাসমান দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য ২৩ সেপ্টেম্বরে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে এসব দোকান সরিয়ে না নিলে সংশ্লিষ্ট দোকান মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাবির প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ ও ভাসমান দোকানগুলো সরিয়ে ফেলার জন্য অনুরোধ করা হচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে এসব দোকান সরিয়ে না নিলে দোকান মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ ও ভাসমান দোকানগুলো উচ্ছেদ করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।
এসএস