ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিয়ন্ত্রণ দাবি করা অন্যতম জলপথ বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বিশেষজ্ঞরা। এই প্রণালি নিয়ন্ত্রণে সেখানে রাডার স্থাপন ও পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরির কাজে সহায়তা ও এতে তদারকি করবেন তারা।
গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপি হুতিদের দুটি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে।
তারা বলেছেন, বিপ্লবী গার্ডের প্রতিনিধিরা বাব এল-মান্দেব অঞ্চল, মোখা নৌবন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বাঞ্চলের জাবাল আল-নার ক্যাম্প পরিদর্শন করেছে। জাবাল আল-নার এর আভিধানিক অর্থ আগুনের পাহাড়। পাহাড় বেষ্টিত এই অঞ্চলে সুড়ঙ্গ ও আধুনিক সামরিক অবকাঠামো রয়েছে। কৌশলগত কারণে মোখা বন্দর ও বিমানবন্দর এবং এই পাহাড়ি ক্যাম্পটির নিয়ন্ত্রণ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা ও লোহিত সাগরের নৌপথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হুতিরা দুই সপ্তাহ আগে মোখা দখল করেছে। এরপর তারা লোহিত সাগরের বাব এল-মান্দেব প্রণালিতে সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এখন এই প্রণালি আয়ত্তে রাখতে ওই এলাকার পাহাড়ে নতুন সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। যার তদারকি করছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী।
এ ছাড়া তারা মোখা ও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের জুকার দ্বীপে রাডার স্থাপন করার প্রক্রিয়াও শুরু করেছে। রাডার দিয়ে মূলত শত্রুপক্ষের ড্রোন বা যুদ্ধবিমানকে শনাক্ত করা হবে।
এরমধ্যে ইয়েমেনের সরকারি বাহিনীর সূত্র এএফপিকে জানিয়েছে, বাব এল-মান্দেবের কাছের কাহবুব পাহাড়ি অঞ্চলে হুতি বিদ্রোহীদের সঙ্গে তাদের সেনাদের লড়াই তীব্র হয়েছে। এই পাহাড়ি অঞ্চল থেকে প্রণালিটির ওপর নিয়মিত নজরদারি চালানো যায়।
গত জুলাই থেকে হুতি ও ইয়েমেনি বাহিনীর মধ্যে শুরু হয়েছে তীব্র লড়াই। এতে বেসামরিকসহ আনুমানিক ১৬৬৪ জনের বেশি মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সূত্র: এএফপি