সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবু বক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
বিষয়টি প্রথমে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে আসে। তিনি শিশু দুটিকে পানিতে দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা যায়।
এ মর্মান্তিক ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টির খোঁজখবর নেন।
এমজেডআর/আরএন