শরতের সোনালি রং, বসন্তের ফুল, বন্যপ্রাণীর আনাগোনা কিংবা প্রাচীন সভ্যতার নিদর্শন। অক্টোবর মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণপ্রেমীদের জন্য থাকে নানা আকর্ষণ। এ সময় অনেক গন্তব্যে আবহাওয়া থাকে আরামদায়ক, পর্যটকের ভিড়ও তুলনামূলক কম। অক্টোবরের ভ্রমণের জন্য বিশ্বের আটটি আকর্ষণীয় গন্তব্য তুলে ধরা হলো।
কানাডা
অক্টোবরে কানাডা যেন রঙের ক্যানভাসে পরিণত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে গাছের পাতায় দেখা যায় লাল, কমলা ও সোনালি রঙের সমারোহ। শরতের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য অক্টোবর হতে পারে দারুণ সময়।
এ সময় অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা থাকে প্রায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে অতিরিক্ত ঠান্ডা কিংবা গ্রীষ্মের ভিড় ছাড়াই সড়কপথে ভ্রমণ ও পাহাড়ি পথে হাঁটার সুযোগ থাকে। টরন্টো, মন্ট্রিয়ল ও ভ্যাঙ্কুভারেও অক্টোবরের আবহ বেশ মনোরম। এ সময় বিভিন্ন খাবারের উৎসব ও শরৎকালীন আয়োজনও পর্যটকদের আকর্ষণ করে।
ইতালি
ইউরোপ ভ্রমণের জন্য অক্টোবর ইতালির অন্যতম আকর্ষণীয় সময়। গ্রীষ্মের পর্যটকের ভিড় কমে আসে, আর আবহাওয়াও হয়ে ওঠে তুলনামূলক স্বস্তিদায়ক। দেশের বিভিন্ন অঞ্চলে এ সময় তাপমাত্রা প্রায় ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে।
টাসকানির পাহাড়ি এলাকায় শরতের সোনালি রং, আঙুর তোলার মৌসুম এবং ডলোমাইট পর্বতমালার অপরূপ দৃশ্য ভ্রমণকারীদের মুগ্ধ করতে পারে। রোম, ফ্লোরেন্স ও ভেনিসেও গ্রীষ্মের তুলনায় পর্যটকের চাপ কম থাকে। ফলে ঐতিহাসিক স্থাপনা, শিল্পকর্ম ও স্থানীয় খাবার উপভোগ করা যায় আরও স্বাচ্ছন্দ্যে। সিনকুয়ে তেরে কিংবা আমালফি কোস্ট ঘুরে দেখার জন্যও অক্টোবর বেশ আকর্ষণীয় সময়।
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
অক্টোবরে নিউইয়র্কের আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকে। এ সময় সেন্ট্রাল পার্কের গাছপালা সোনালি ও হলুদ রঙে সেজে ওঠে। শহরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনও থাকে।
মাসের শুরুতে নিউইয়র্ক বার্লেস্ক ফেস্টিভ্যাল এবং মাঝামাঝি সময়ে ওপেন হাউস নিউইয়র্ক উইকেন্ডের মতো আয়োজন পর্যটকদের আকর্ষণ করতে পারে। শরতের আবহে শহরটির পরিচিত ব্যস্ততার মধ্যেও পাওয়া যায় ভিন্ন এক সৌন্দর্য।
মাদাগাস্কার
বন্যপ্রাণী দেখার জন্য অক্টোবর হতে পারে মাদাগাস্কার ভ্রমণের আকর্ষণীয় সময়। এ সময় সেখানে শুষ্ক মৌসুমের শেষ পর্যায় চলে এবং প্রকৃতিতে দেখা যায় পরিবর্তনের ছোঁয়া।
লেমুরের প্রজনন মৌসুম শুরু হওয়ায় তাদের সঙ্গে ছোট বাচ্চাদেরও দেখা মিলতে পারে। পাশাপাশি গিরগিটি, গেকো ও বিভিন্ন প্রজাতির ব্যাঙের দেখা পাওয়ার সুযোগ রয়েছে। রাজধানী আন্তানানারিভোতে জাকারান্ডা ফুলের সৌন্দর্য এবং বিখ্যাত অ্যাভিনিউ অব বাওবাবসে সূর্যাস্তও ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণ হতে পারে।
আর্জেন্টিনা
অক্টোবরে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলে শুরু হয় বসন্ত। পাহাড়ি তৃণভূমি তখন রঙিন বুনোফুলে ভরে ওঠে। লস গ্লেসিয়ারেস ন্যাশনাল পার্কে বিভিন্ন ট্রেইলও এ সময় নতুন মৌসুমে পর্যটকদের জন্য উন্মুক্ত হতে শুরু করে।
প্রকৃতি ও পাখিপ্রেমীদের জন্য ইবেরা জলাভূমি হতে পারে আকর্ষণীয় গন্তব্য। এ ছাড়া সান কার্লোস দে বারিলোচেতে অক্টোবরের প্রথম সপ্তাহে খাবারকেন্দ্রিক আয়োজনও থাকে।
স্কটল্যান্ড
অক্টোবরে স্কটল্যান্ডে শরতের সৌন্দর্যের সঙ্গে যোগ হয় লোককথা ও রহস্যের আবহ। ৩১ অক্টোবর প্রাচীন গ্যালিক উৎসব ‘সামহেইন’ উদযাপন করা হয়। এ উপলক্ষে এডিনবরার ক্যালটন হিলে আয়োজন করা হয় সামহেইন ফায়ার ফেস্টিভ্যাল।
আগুন, ঢোল ও নানা ঐতিহ্যবাহী পরিবেশনায় উৎসবটি হয়ে ওঠে আকর্ষণীয়। পাশাপাশি আইল অব স্কাইয়ের পাহাড়, জলাধার ও ঝরনাও শরতের প্রকৃতি উপভোগের সুযোগ করে দেয়।
মিসর
অক্টোবরে মিসরের প্রচণ্ড গরম কিছুটা কমে আসে। ফলে কায়রো, লুক্সর ও আসওয়ানের ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখার জন্য আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক থাকে।
প্রাচীন মিসরের ইতিহাসে আগ্রহীদের জন্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম অন্যতম আকর্ষণ। দক্ষিণ মিসরের আবু সিম্বেলও এ সময় পর্যটকদের টানে। সেখানে সূর্যের আলো প্রাচীন মন্দিরের অভ্যন্তরে বিশেষ স্থানে পৌঁছানোর বিরল দৃশ্য দেখতে পাওয়া যায়।
রোমানিয়া
শরতের সৌন্দর্য উপভোগ করতে অক্টোবর হতে পারে রোমানিয়া ভ্রমণের আকর্ষণীয় সময়। এ সময় কার্পেথিয়ান পর্বতমালার পথগুলো লাল-হলুদ পাতায় অন্য রূপ নেয়।
ট্রান্সফ্যাগারাশান সড়কও এ সময় ভ্রমণকারীদের আকর্ষণ করে। ইতিহাস ও রহস্যের প্রতি আগ্রহীদের জন্য ট্রান্সিলভানিয়া হতে পারে বিশেষ অভিজ্ঞতার জায়গা। সেখানে ব্রান ক্যাসেল, ব্রাশভের ব্ল্যাক চার্চ এবং হোইয়া-বাচিউ বন ঘুরে দেখার সুযোগ রয়েছে।
অক্টোবরের সৌন্দর্য বিশ্বের একেক প্রান্তে একেক রকম। কোথাও শরতের রং, কোথাও বসন্তের ফুল, কোথাও বন্যপ্রাণী, আবার কোথাও প্রাচীন সভ্যতার নিদর্শন। সব মিলিয়ে ভ্রমণপ্রেমীদের জন্য মাসটি খুলে দিতে পারে বৈচিত্র্যময় অভিজ্ঞতার দরজা।
এফএস