ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে ১৩ দফা নির্দেশনা প্রশাসনের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৮:৩২ পিএম
X

টানা ছুটির সুযোগে হাওর ভ্রমণের পরিকল্পনা করছেন অনেকেই। বিশেষ করে হাউসবোটে থাকার সুবিধা থাকায় বর্ষায় টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে পর্যটকের আনাগোনা বাড়ে। তবে ভ্রমণের আগে পরিবেশ, জীববৈচিত্র্য ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দেওয়া নির্দেশনাগুলো জেনে নেওয়া জরুরি।

টাঙ্গুয়ার হাওরের সুরক্ষা ও পর্যটন ব্যবস্থাপনায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ১৩ দফা জরুরি নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষিত এলাকায় ইঞ্জিনচালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, হাউসবোটের নিবন্ধন, শব্দদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন ব্যবস্থা।

জেলা প্রশাসনের নির্দেশনাগুলো হলো—

১. টাঙ্গুয়ার হাওরের যেসব এলাকা প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষিত, সেসব এলাকায় কোনো ইঞ্জিনচালিত নৌযান প্রবেশ বা চলাচল করতে পারবে না। তবে ইসিএর বাইরে হাউসবোট ও পর্যটকবাহী নৌকা চলাচলে বাধা নেই। মাটিয়ান হাওর ও বৌলাই নদ হয়ে টেকেরঘাট পর্যন্ত নৌযান চলাচল করতে পারবে।

২. সব হাউসবোটের নিবন্ধন বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনো হাউসবোট বা নৌযান পরিচালনা করা যাবে না।

৩. হাউসবোটে উচ্চ স্বরে গানবাজনা, মাইক ব্যবহার ও পার্টির আয়োজন করা যাবে না।

৪. একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করা নিষিদ্ধ।

৫. নৌযানে পানি বিশুদ্ধ করার ফিল্টার রাখা বাধ্যতামূলক।

৬. প্রতিটি হাউসবোটে সেপটিক ট্যাংক থাকতে হবে। পাশাপাশি অন্তত দুটি ডাস্টবিন রাখতে হবে।

৭. হাওর বা জলাশয়ে কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না।

৮. হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে রাখতে হবে।

৯. পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফবয় রিং রাখতে হবে। অগ্নিনির্বাপণযন্ত্র ও গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহারও নিশ্চিত করতে হবে।

১০. পর্যটকদের জন্য নির্ধারিত আচরণবিধি হাউসবোটের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ট্যুর শুরুর আগেই পর্যটকদের এসব নিয়ম সম্পর্কে জানাতে হবে।

১১. জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতালের জরুরি যোগাযোগের নম্বর দৃশ্যমান স্থানে রাখতে হবে।

১২. প্রতিটি ট্যুরে পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, যাতে হাওরের পরিবেশ দূষিত না হয়।

১৩. দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন বন্ধ রাখতে হবে। ঝড়, প্রবল বৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব নির্দেশনা পরিবেশ রক্ষা, পর্যটন ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেওয়া হয়েছে। একই সঙ্গে হাউসবোট ও নৌযান নিবন্ধনের বিষয়েও কঠোরতা আরোপ করা হয়েছে।

তাই টাঙ্গুয়ার হাওরে যাওয়ার আগে শুধু ভ্রমণের প্রস্তুতি নয়, প্রশাসনের নির্দেশনাগুলোও জেনে রাখা জরুরি। এতে একদিকে যেমন ভ্রমণ নিরাপদ হবে, অন্যদিকে হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকরাও ভূমিকা রাখতে পারবেন।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝