সিলেটের বৃটানিকা সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে দীপাঞ্জন ঘোষ প্রিয়ম (২০) নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিয়ম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
সহপাঠীরা জানান, বিকেল ৫টার দিকে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমেছিলেন প্রিয়ম। একপর্যায়ে তিনি সুইমিংপুলের ৯ ফুট গভীর অংশে চলে যান। পরে সেখান থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। সুইমিংপুল কর্তৃপক্ষের কোনো অবহেলা বা তদারকিতে ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এফএস