বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার রোধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে চারটি ইজিবাইক গ্যারেজকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এ সময় অতিরিক্ত ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বুধবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা, বাতানপাড়া ও গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে একই মিটার থেকে একাধিক প্রতিষ্ঠানে সংযোগ নেওয়া, বিদ্যুৎ চুরি এবং অনুমোদিত লোডের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে অনিয়মের দায়ে চারটি ইজিবাইক গ্যারেজকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ ও অতিরিক্ত সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসির অভিযান পরিচালনাকারী দল।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ বলেন, “বিদ্যুতের অপচয়, অপব্যবহার ও অবৈধ ব্যবহার ঠেকাতে ইজিবাইক গ্যারেজগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ ছাড়াও ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মো. সানোয়ার হোসেন ও মো. অলিউল্লাহ অংশ নেন।
শরীফ সুমন/এফএস