বাংলাদেশের জাহাজ নির্মাণ (শিপবিল্ডিং) খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের প্রতিষ্ঠান জুলং গ্রুপ। ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণের পাশাপাশি রপ্তানির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌ ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং। এ সময় বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
বৈঠকে জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে তার প্রতিষ্ঠান এখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায়। এসব নৌযান আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।
এগুলো দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।
জুলং গ্রুপের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করেছে।
জাহাজ নির্মাণ শিল্পে চীনের এই বিনিয়োগের সিদ্ধান্ত সময়োপযোগী।
তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ এবং তা বিদেশে রপ্তানির উদ্যোগ সফল করতে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
বৈঠকে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের যৌথ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মেরিটাইম খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে জাহাজ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিআইএস