বুধবার উপজেলার ব্রাহ্মণবাজারের মিশন চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মসজিদের জায়গা নিয়ে বিরোধের জেরে সড়কের জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ ওঠে ফাতু মিয়ার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি রাস্তার জায়গা দখলের বিষয়টি শনাক্ত করা হয়। পরে স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ৮৯ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানের সময় সরকারি রাস্তার জায়গায় নির্মিত বাউন্ডারি দেয়ালটি সাত দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এম শাকিল রশীদ চৌধুরী/এফএস