ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের ফতুল্লার পাগলা এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা কাঁচা-পাকা দোকান ও জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যালয়সহ ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা ১১টা থেকে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার তনুর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
যুগ্ম-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়কের পাশে নদীর সীমানা পিলারসংলগ্ন জায়গা অবৈধভাবে দখল করে কাঁচা-পাকা দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন দখলদাররা। প্রায় ২০টি কাঁচা-পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদকর্মী ও এক্সকাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
তিনি জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম-পরিচালক মোবারক হোসেন মজুমদার, উপপরিচালক এহতেশামুল পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।
এসএস/আরএন