নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নৈশপ্রহরীদের হাত-পা বেঁধে এবং মুখে কসটেপ পেঁচিয়ে বাজারের পাঁচটি দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতদল স্বর্ণ-রুপা, নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা বাজারে একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা বাজারের তিন নৈশপ্রহরীর হাত-পা বেঁধে এবং মুখে কসটেপ পেঁচিয়ে রাখে। পরে তারা নবরূপা জুয়েলার্স, কাকন স্বর্ণ শিল্পালয়, জজ মিয়া স্টোর, শামীম ইলেকট্রনিকস ও ইসলাম ফার্মেসির তালা ভেঙে লুটপাট চালায়।
ডাকাতদল নবরূপা জুয়েলার্স থেকে প্রায় ৪০ ভরি রুপা ও ১ ভরি স্বর্ণ, কাকন স্বর্ণ শিল্পালয় থেকে ৫ আনা স্বর্ণ ও ১৫ ভরি রুপা, জজ মিয়া স্টোর থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট, কিছু প্রসাধনী ও সয়াবিন তেল, শামীম ইলেকট্রনিকস থেকে নগদ ৫-৬ হাজার টাকা এবং ইসলাম ফার্মেসি থেকে একটি স্মার্টফোন ও প্রায় ১ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
নবরূপা জুয়েলার্সের স্বত্বাধিকারী ইমাম হোসেন বলেন, রাতের দিকে ডাকাতরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপা নিয়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১ ভরি স্বর্ণ ও ৪০ ভরি রুপা লুট হয়েছে বলে ধারণা করছি। এতে আমার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমরা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।
এদিকে, ডাকাতির ঘটনায় অলিপুরা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, বাজারের নিরাপত্তাব্যবস্থা জোরদার না করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ/আরএন