যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পেতে ঐতিহাসিক এক ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলস। সোমবার (১৪ সেপ্টেম্বর) কার্ডিফে এক বৈঠকে তিন দেশের শীর্ষ নেতারা ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। একই সঙ্গে সাংবিধানিক পরিবর্তনের লক্ষ্যে প্রস্তুতি নিতে যুক্তরাজ্যের সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
ওয়েলসের ফার্স্ট মিনিস্টার ও প্লেড কামরির নেতা রুন আপ ইওরওয়ার্থ, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা জন সুইনি এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও সিন ফেইন পার্টির ভাইস-প্রেসিডেন্ট মিশেল ও'নিল যৌথভাবে এই ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘পরিবর্তনশীল’ বলে উল্লেখ করা হয়।
তারা দৃঢ় সংকল্পের কথা জানিয়ে যোগ করেন, ‘আমাদের জাতিগুলোর ভবিষ্যৎ লুকিয়ে আছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে।’ তারা জোর দিয়ে বলেন, ইতিহাসে প্রথমবারের মতো স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে যেসব ফার্স্ট মিনিস্টাররা দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকেই যুক্তরাজ্য থেকে স্বাধীনতা অর্জনের পক্ষে সংকল্পবদ্ধ।
যৌথ ঘোষণাপত্রে বিশেষভাবে বলা হয়, ‘আমাদের জাতিগুলোর স্বাধীনতার পূর্ণ অধিকার রয়েছে। আমরা যুক্তরাজ্যের সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন প্রতিটি প্রশাসনিক এলাকায় সাংবিধানিক পরিবর্তনের প্রয়োজনীয় প্রস্তুতি, পরিকল্পনা ও তা বাস্তবায়নের পথ সুগম করে।’
তিন দেশের এই ঐতিহাসিক ঘোষণাপত্র স্বাক্ষর নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি যুক্তরাজ্যের সরকার।
এসএস