ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডাকাত সন্দেহে চিৎকার করায় ব্যবসায়ীকে গুলি, ঢামেকে চিকিৎসাধীন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তমিজ উদ্দিন নরসিংদীর মাধবদী থানার খিদিরকান্দি গ্রামের হযরত আলীর ছেলে। তিনি পেশায় ফোম ব্যবসায়ী। বর্তমানে পরিবার নিয়ে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় বসবাস করছেন।

আহতের স্ত্রী লাভলী আক্তার জানান, রাতে চা-পান করার জন্য বাসা থেকে নিচে নামেন তার স্বামী। তাদের বাসার নিচের একটি দোকান সারারাত খোলা থাকে। সেখানে যাওয়ার পর তিনি ৭-৮ জন মুখোশধারী ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তমিজ উদ্দিন চিৎকার শুরু করেন।

লাভলী আক্তারের দাবি, এ সময় দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে কোপানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে তিনি দ্রুত বাসায় ঢোকার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশে বিদ্ধ হয়।

তিনি আরও জানান, স্বামীর চিৎকার শুনে পরিবারের সদস্যরা নিচে নেমে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহতের পরিবারের ধারণা, তাদের বাসার নিচতলায় থাকা একটি এনজিও কার্যালয়ে ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে জড়ো হয়েছিল। তমিজ উদ্দিন তাদের দেখতে পেয়ে চিৎকার করায় তাকে গুলি করা হয়ে থাকতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানতে পেরেছেন, গুলিবিদ্ধ তমিজ উদ্দিনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট রূপগঞ্জ থানাকে জানানো হয়েছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement