আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন এলেনা রিবাকিনা। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুইবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা নিশ্চিত করেন কাজাখস্তানের এই তারকা।
শিরোপা জয়ের পাশাপাশি রিবাকিনার জন্য এসেছে আরও বড় অর্জন। এই জয়ের ফলে প্রথমবারের মতো নারী টেনিসের বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে যাচ্ছেন তিনি। অন্যদিকে, সাবালেঙ্কার দীর্ঘদিনের শীর্ষস্থানও হাতছাড়া হচ্ছে।
ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস খেলেন রিবাকিনা। প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে এগিয়ে যান তিনি। তবে দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান সাবালেঙ্কা। ৭-৫ ব্যবধানে সেট জিতে ম্যাচে সমতা ফেরান দুইবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন।
নির্ধারক সেটে অবশ্য সাবালেঙ্কাকে আর সুযোগ দেননি রিবাকিনা। শক্তিশালী সার্ভ ও নিখুঁত বেসলাইন শটে প্রতিপক্ষকে চাপে রেখে ৬-২ ব্যবধানে সেটটি জিতে নেন তিনি। সঙ্গে নিশ্চিত করেন ক্যারিয়ারের অন্যতম বড় শিরোপা।
এর আগে ২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রিবাকিনা। ইউএস ওপেনের শিরোপা যোগ হওয়ায় গ্র্যান্ড স্লামে তার ট্রফির সংখ্যা দাঁড়াল তিনে।
অন্যদিকে, ২০২৪ ও ২০২৫ সালে টানা ইউএস ওপেন জেতা সাবালেঙ্কার এবার হ্যাটট্রিকের স্বপ্ন পূরণ হলো না। রিবাকিনার কাছে হেরে নিউইয়র্কে তার টানা শিরোপা ধরে রাখার অভিযানও থেমে গেল।
এফএস