
প্রতীকী ছবি
বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালতের আদেশে অবরুদ্ধ (ফ্রিজ) ও সংযুক্ত (অ্যাটাচমেন্ট) থাকা হিসাব থেকে সরকারের শুল্ক-কর আদায়ে উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য পদক্ষেপ নির্ধারণ এবং কার্যকর ব্যবস্থা নিতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির আহ্বায়ক করা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগের অতিরিক্ত সচিবকে সদস্য করা হয়েছে।
কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালক, বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম শাখার ডিআইজি।
জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) মহাপরিচালককে কমিটির সদস্যসচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে পাচারকৃত সম্পদের মধ্যে আদালত কর্তৃক অবরুদ্ধ বা সংযুক্ত হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ের ক্ষেত্রে কী ধরনের আইনি ও অন্যান্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নির্ধারণ করবে কমিটি।
একই সঙ্গে এসব পদক্ষেপ বাস্তবায়নে করণীয় নির্ধারণ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি।
জানা গেছে, বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ উদ্ধারের পাশাপাশি এসব সম্পদের বিপরীতে সরকারের প্রাপ্য রাজস্ব আদায়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আদালতের আদেশে কোনো সম্পদ বা ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা সংযুক্ত হওয়ার পর সেখান থেকে কীভাবে আইনসম্মতভাবে শুল্ক-কর আদায় করা যায়, সে বিষয়ে সমন্বিত পদক্ষেপের প্রয়োজন রয়েছে। নতুন কমিটি এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে করণীয় নির্ধারণ করবে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
টিআইএস