ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রস্তাবিত বাংলাদেশ-নেপাল সিরিজে ইতিবাচক বিসিবি
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। শনিবার এটি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিসিবি প্রস্তাবটা ইতিবাচক হিসেবে নিয়েছে। আগামী কয়েক মাস টাইগারদের টানা সিরিজের মাঝে ফাঁকা সময় খোঁজার চেষ্টা করা হচ্ছে। 

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন শাহরিয়ার নাফীস। নেপালের বিপক্ষে সিরিজ নিয়ে তিনি বলেন, ‘নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটি প্রস্তাব পাঠিয়েছিল। সেখানে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আহ্বানকে খুব ইতিবাচকভাবে নিয়েছে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।’ 

তিনি বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাকভাবে মিলে যায়...কারণ আমরা জানি, আমাদের এফটিপি (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) খুবই ব্যস্ত, টানা খেলা আছে সামনে। এরপরও এই সাইকেলের মধ্যে যদি সুবিধাজনক একটা সময় ইতিবাচকভাবে বেছে নেওয়া যায়, আমরা সেই চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক হলে আশা করি, এই সিরিজটি আমাদের হতে পারে।’ 

সিরিজটা হতে পারে ২০২৭ সালে জানিয়ে নাফীস বলেন, ‘সাইকেলটা তো ২০২৭ সাল পর্যন্ত। এই সাইকেলের মধ্যেই আমাদের ইচ্ছা আছে এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সেই অনুরোধ রয়েছে। আমরা বিষয়টি ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। যখন এটা এমন একটা পর্যায়ে যাবে, যেটা বলার মতো অবস্থায় থাকবে, কিংবা আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পারব যেখানে বলতে পারব সিরিজটি হচ্ছে বা হচ্ছে না, তখন যথাসময়ে জানিয়ে দিতে পারব।’ 

গুঞ্জন আছে, সম্প্রতি নেপালে মর্মান্তিক বন্যায় ক্ষতির জন্য ফান্ড গড়তেই সিরিজটি আয়োজন করতে চায় নেপাল। এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আসলে এ ব্যাপারটা জানি না। যেহেতু মাননীয় ক্রীড়ামন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন বা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে নেপাল সরকারের যোগাযোগ হয়েছে, এটা হয়তো ওপরের মহলে হয়ে থাকতে পারে। তবে আমাদের সঙ্গে যে যোগাযোগ হয়েছে, সেখানে বন্যার বিষয়টি আসেনি। নেপালে যে ভয়াবহ বন্যা হয়েছে, এতে আমরা সবাই খুবই দুঃখিত। নেপালে যারা বসবাস করেন, তাদের প্রতি অবশ্যই আমাদের সহমর্মিতা রয়েছে।’

এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজ খেলার সুযোগ পায়নি নেপাল। ১০ বছরের ব্যবধানে দুটি টি-টোয়েন্টি খেলেছে দুই দল, দুইবারই বাংলাদেশ জিতেছে। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের দেখায় বাংলাদেশের জয় ৮ উইকেটে আর সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২১ রানে জয় পায় টাইগাররা। 

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement