ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ কারাগারে ৬
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম আপডেট: ০৯.০৯.২০২৬ ৭:৪৮ পিএম
X
Advertisement

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়ের করা মামলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (৫০), ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী (৫০), একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ (২৮), একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মতি রহমান (৪০) এবং নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের শাহাদাত হোসেন (৪০) ও একই গ্রামের দুলাল মিয়া (৪৮)।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের বাউরা ডাঙাটারী ক্যাম্পের একটি টহল দল উপজেলার বাউরা বাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় দুটি অটোভ্যানে করে আনা পাথর ও বালু উত্তোলনের ড্রেজার মেশিন, পাইপ ও ড্রাম আটক করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।

আটকের খবর পেয়ে রাত ১টা ১০ মিনিটের দিকে এসবের মালিক রফিকুল ইসলাম, আইয়ুব আলী, আবু সাঈদ ও মতি রহমান মোটরসাইকেলে করে কুচলিবাড়ী বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। মামলার অভিযোগ অনুযায়ী, তারা আটক মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে তাদের বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পাশাপাশি তারা ভয়ভীতি ও হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এতে সরকারি স্থাপনা বিজিবি ক্যাম্প এবং বিজিবি সদস্যদের জানমালের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হওয়ায় তাদের আটক করে বিজিবি।

এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ৬ সিলিন্ডারবিশিষ্ট ডিজেলচালিত ড্রেজার মেশিন, চারটি খালি তেলের ড্রাম, ১০টি ৬ ইঞ্চি ব্যাসের পাইপ, একটি রিং পাইপ, দুটি ব্যাটারিচালিত অটোভ্যান, একটি মোটরসাইকেল, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তিনটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবি এসব আলামতের জব্দমূল্য ১৪ লাখ ৫৬ হাজার টাকা উল্লেখ করেছে।

এ ঘটনায় বাউরা ডাঙাটারী ক্যাম্পের হাবিলদার উত্তম চন্দ্র দাস বাদী হয়ে সরকারি কাজে বাধা, স্বেচ্ছায় আঘাত করা এবং ক্ষতিসাধনের হুমকির অভিযোগে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পাটগ্রাম থানায় মামলা করেন। পরে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় বিজিবির দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।

এমএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement