পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ১৩ হাজার ৪২৮ জন গ্রাহক ৫৮১ কোটি টাকা উত্তোলন করেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ছিল আমানত ফেরত দেওয়ার দ্বিতীয় দিন। এদিন ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা উত্তোলন করেন। এর আগে সোমবার প্রথম দিনে ৫ হাজার ৫৩২ জন গ্রাহক ২৫৪ কোটি টাকা তুলে নেন। সব মিলিয়ে দুই দিনে ১৩ হাজার ৪২৮ জন গ্রাহক ৫৮১ কোটি টাকা উত্তোলন করেছেন।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়। এর আগে ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত টাকা ফেরত নিতে আগ্রহী গ্রাহকদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। এ সময়ে প্রায় ৭৪ হাজার আমানতকারী ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরত চেয়ে আবেদন করেন।
ব্যাংক কর্মকর্তারা জানান, আবেদনকারীদের তথ্য যাচাই করে পর্যায়ক্রমে আমানতের টাকা ফেরত দেওয়া হচ্ছে। একই সঙ্গে অনলাইনে অর্থ স্থানান্তরের কার্যক্রমও চালু করা হয়েছে। ফলে গ্রাহকদের ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ বাড়ছে এবং ব্যাংকটির কার্যক্রমও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই গ্রাহকদের টাকা পরিশোধ করা হচ্ছে। যাচাই শেষে আবেদনকারীদের পর্যায়ক্রমে অর্থ দেওয়া হচ্ছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে।
দুই দিনে ১৩ হাজারের বেশি গ্রাহকের ৫৮১ কোটি টাকা উত্তোলনের মধ্য দিয়ে আমানত ফেরত দেওয়ার কার্যক্রম এগিয়ে চলছে। পাশাপাশি ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ফিরিয়ে আনার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
এফএস