দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি বছরের আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০৬ শতাংশীয় পয়েন্ট।
সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিএসের হিসাবে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতিও কিছুটা কমেছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ২০ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়েছে। আগস্টে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩২ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ। গত বছরের আগস্টে এই হার ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
গত বছরের আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে সার্বিক ও খাদ্য মূল্যস্ফীতি কমেছে।
গ্রামে মূল্যস্ফীতি ৮.৩১ শতাংশ
বিবিএসের তথ্য অনুযায়ী, আগস্টে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ।
গ্রামে আগস্টে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০১ শতাংশে। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ।
অন্যদিকে শহরাঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২৪ শতাংশ। এ সময়ে শহরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৭ শতাংশ।
মূল্যস্ফীতির চেয়ে কম মজুরি বেড়েছে
মূল্যস্ফীতি কমার পাশাপাশি জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির হারও কমেছে। আগস্টে জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ০৫ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ২২ শতাংশ। গত বছরের আগস্টে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ।
অর্থাৎ আগস্টে মজুরি বৃদ্ধির হার ৮ দশমিক ০৫ শতাংশ হলেও সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৬ শতাংশ। ফলে মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার শূন্য দশমিক ২১ শতাংশীয় পয়েন্ট কম ছিল।
খাতভিত্তিক হিসাবে, আগস্টে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার ছিল ৮ দশমিক ০৭ শতাংশ। শিল্প খাতে এ হার ছিল ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ।