ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন: স্থানীয় সরকারমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ১১:০৫ পিএম
X
Advertisement

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, গত ১৭ বছরে বাংলাদেশ যেভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেখান থেকে দেশকে নতুন সাজে গড়ে তুলতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বাস করে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদী শহরের সাহেপ্রতাপ এলাকার তাঁত বোর্ড ইনস্টিটিউটের অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে। বিএনপি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস করে এবং দেশকে ভালোবাসে বলেই এই ষড়যন্ত্র করা হয়েছিল। বাংলাদেশ ও বিএনপি একটি অভিন্ন নাম।’

তিনি আরও বলেন, ওয়ান ইলেভেনের সময় বিএনপিকে রাজনৈতিকভাবে সরিয়ে দিয়ে দেশকে অন্যের কুক্ষিগত করার পরিকল্পনা করা হয়েছিল। এর ফলশ্রুতিতে দীর্ঘ ১৭ বছর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদেশে নির্বাসিত থাকতে হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই অন্যায়ের বিচার ইতোমধ্যে হয়েছে।

মন্ত্রী বলেন, ১৭ বছর পর তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে মঈন খান বলেন, জিয়াউর রহমান কখনো পিছনের দিকে তাকাননি। বিএনপির ইতিহাস সামনে এগিয়ে চলার ইতিহাস। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা, রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ ও খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement