ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম উল্লাহ ওই গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িশ্বর গ্রামের বাসিন্দা আব্দুল আউয়ালের সঙ্গে একই গ্রামের ফজলুল হকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আব্দুল আউয়ালের ছেলে নাজিম উল্লাহ গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ওবায়দুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরএন