ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চেকপোস্ট বসলেই ধার করা হেলমেট পরেন চালকরা: সমাজকল্যাণমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম
X
Advertisement

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ব্যবহারের প্রবণতা খুবই কম। পুলিশ চেকপোস্ট বসালে অনেক চালক অন্যের কাছ থেকে হেলমেট ধার করে এনে ব্যবহার করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাঞ্চন-১ সম্মেলন কক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “হেলমেট ব্যবহার করা ডুমুরের ফুলের মতো। পুলিশ চেকপোস্ট বসালে তখন মোটরসাইকেল চালকরা কারও কাছ থেকে হেলমেট ধার করে এনে ব্যবহার করেন।”

তিনি বলেন, “এখানে এসেও শুনলাম, দিনাজপুরে আজকেও একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর মাথায় হেলমেট ছিল না।”

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সড়ক দুর্ঘটনা ঘটে। তবে বাংলাদেশে এর হার বেশি হওয়ার অন্যতম কারণ জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা বেশি, রাস্তা তুলনামূলক সরু এবং মানুষের সচেতনতা কম।

তিনি বলেন, “এসএসসি পাস করলেই বাবা মোটরসাইকেল কিনে দেন, কিন্তু হেলমেট ব্যবহার করেন না।”

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দুর্ঘটনা ঘটলে গণমাধ্যমে ভালোভাবে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে সেই ঘটনার আর ফলোআপ করা হয় না। সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, “বাঁচা-মরা আল্লাহর হাতে। তার পরেও সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হবে। যদি সড়ক দুর্ঘটনা না কমে, তাহলে বুঝতে হবে আমাদের দুর্বলতা রয়েছে।”

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার ক্ষতিপূরণ দিতে পারবে না; যে সহায়তা দেওয়া হচ্ছে, তা ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট কিছুটা লাঘবের জন্য। কারণ, যার ক্ষতি হয়েছে, তিনিই কেবল বুঝতে পারেন তিনি কী হারিয়েছেন।

অনুষ্ঠানে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৫৪(১) ধারা অনুযায়ী গঠিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের আওতায় দিনাজপুর সার্কেলের ৭৩ জন ক্ষতিগ্রস্তকে মোট ৩ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের পরিবারকে ৩ কোটি ২৫ লাখ টাকা এবং আহত আটজনকে ১৪ লাখ টাকা দেওয়া হয়।

দিনাজপুর জেলা প্রশাসন ও বিআরটিএ দিনাজপুর সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুরের পুলিশ সুপার (পিপিএম) মো. জেদান আল মুসা, জেলা পরিষদ প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি এবং সিভিল সার্জনের প্রতিনিধি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. সাদরাতুন মুমতাহিনা।

স্বাগত বক্তব্য দেন বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. রবিউল ইসলাম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য দেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মো. আখতারুজ্জামান, দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবনী শংকর আগরওয়ালা, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ অন্যরা।

এ সময় জানানো হয়, দিনাজপুর সার্কেলে এ পর্যন্ত ২৯৮টি আবেদনের মধ্যে ২৪১ জন ক্ষতিগ্রস্তের অনুকূলে মোট ১০ কোটি ৩৯ লাখ টাকার আর্থিক সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে।

এএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement