আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনের ছয় নাগরিককে কক্সবাজারে আটক করেছে পুলিশ। অভিযানে ১,৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং বাংলাদেশ পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকার হোটেল সি-প্যালেস থেকে তাঁদের আটক করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামু থানায় দায়ের করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট আড়াই শতাধিক সদস্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তাঁদের বিরুদ্ধে অভিযান এখনও অব্যাহত রয়েছে।
অহিদুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন।
হোটেল সি-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাঁদের কয়েকজনকে আটক করা হয়।
এসইউ/আরএন