ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ফের বাড়ছে নেতাকর্মীদের ভিড়
✎ জাহিদ বিপ্লব
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:১৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হঠাৎ করেই বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি বেড়েছে। দীর্ঘদিন অনেকটা নেতাকর্মীশূন্য থাকা দলীয় কার্যালয়টি সাম্প্রতিক সময়ে আবারও সরব হয়ে উঠেছে। বিশেষ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী দায়িত্ব নেওয়ার পর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন দলীয় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতারা ও অফিস সহকারীরা।

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি অনেকটাই কমে যায়। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দুইবার নয়াপল্টন কার্যালয়ে গেলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। তবে পরবর্তী সময়ে সেই ধারাবাহিকতা আর ধরে রাখা সম্ভব হয়নি।

এরপর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন নয়াপল্টন কার্যালয় ছিল সরগরম। তবে সেই সময়ের পর দীর্ঘদিন আবারও দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

দলীয় সূত্র জানায়, বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন কার্যালয়ে এলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ত। তাঁর অবস্থানের খবর পেয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে ভিড় করতেন। তবে সাম্প্রতিক সময়ে তাঁর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দপ্তরে দায়িত্বপ্রাপ্ত নেতারা ও অফিস সহকারীরা বলেন, রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিয়মিত নয়াপল্টন কার্যালয়ে আসতে শুরু করেছেন।

তাঁরা আরও বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি মনোনীত করায় নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। পাশাপাশি ২০ আগস্ট মন্ত্রিসভায় রদবদল নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ড. আব্দুল মঈন খানের মতো একজন প্রজ্ঞাবান রাজনীতিককে যথাযথ সম্মান দেওয়া হয়েছে—এ বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তাঁরা।

এদিকে, যেকোনো সময় জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ কারণে সংগঠন দুটির নেতাকর্মীদের মধ্যেও তৎপরতা বেড়েছে। নতুন কমিটিতে পদপ্রত্যাশী নেতাকর্মীদের অনেকেই নিয়মিত নয়াপল্টন কার্যালয়ে আসছেন বলে জানা গেছে।

সরেজমিনে নয়াপল্টন কার্যালয়

সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টন কার্যালয়ের তৃতীয় তলায় বিএনপির কেন্দ্রীয় দপ্তর থাকলেও চতুর্থ তলায় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয়ে তুলনামূলক বেশি ভিড়। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি পদপ্রত্যাশীদেরও সেখানে নিয়মিত দেখা যাচ্ছে।

বিএনপির সিনিয়র সদস্য বেগম সেলিমা রহমান ডেইলি অবজারভারকে বলেন, দলটির নেতাকর্মীরা দীর্ঘদিন অত্যাচারিত নিষ্পেষিত হয়েছে। সম্প্রতি দলের সিনিয়র নেতাসহ বিভিন্ন শ্রেণির নেতাকর্মীরা মূল্যায়িত হচ্ছে। পর্যায়ক্রমে সকল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়িত করা হবে। সে আশায় বুক বেধে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়মুখী হচ্ছেন। 

এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার ডেইলি অবজারভারকে বলেন, “প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সিংহভাগ কাজই চলমান রয়েছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ শিক্ষার মানোন্নয়নে দৃশ্যমান পরিবর্তন হয়েছে।”

তিনি বলেন, “নতুন ভারপ্রাপ্ত মহাসচিবসহ নবনিযুক্ত তিনজন স্থায়ী কমিটির সদস্য তৃণমূল থেকে উঠে এসে আজ এ পর্যায়ে এসেছেন। এছাড়া ইসমাইল জবিউল্লাহ একজন দক্ষ প্রশাসক। তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের আরও এগিয়ে নিয়ে যাবে।”

দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের এই বাড়তি উপস্থিতিকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নতুন নেতৃত্ব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্ভাব্য কমিটি এবং সরকারের বিভিন্ন কার্যক্রমকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের আনাগোনা আরও বাড়তে পারে বলে মনে করছেন দলটির সংশ্লিষ্টরা।

জেবি/এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝