গাজীপুরের শ্রীপুর উপজেলার বেলদিয়া এলাকায় সুতিয়া নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—শ্রীপুর উপজেলার বেলদিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১১) এবং একই উপজেলার বাপ্তা এলাকার রুহুল আমিনের ছেলে মুক্তাসিন (১১)। তারা স্থানীয় বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১২টার দিকে রাব্বি, মুক্তাসিন ও শাকিবসহ ৪-৫ জন বেলদিয়া এলাকায় সুতিয়া নদীতে গোসল করতে যায়। এ সময় রাব্বি ও মুক্তাসিন নদীতে নামে।
রাব্বি সাঁতার জানলেও মুক্তাসিন সাঁতার জানত না। একপর্যায়ে রাব্বি পানিতে নেমে মুক্তাসিনকে কাঁধে তুলে হাঁটতে হাঁটতে নদীর গভীরে চলে যায়। এ সময় মুক্তাসিন পানিতে পড়ে যায়। বাঁচার জন্য সে রাব্বিকে জড়িয়ে ধরলে দুজনই পানিতে ডুবে যায়।
নদীর পাড়ে থাকা শাকিব বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুজনকে নদী থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’