ডিএমপির গুলশান থানার একটি প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ওসি মো. দাউদ হোসেন বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বিদিশা এরশাদকে গুলশান থানায় নেওয়া হয়েছে।