সুন্দরবনের দুবলার চর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটি ১২ জন জেলেকে নিয়ে সাগরে মাছ আহরণ করছিল। এ সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে গভীর সমুদ্রে বোটটি ভাসতে থাকে।
পরদিন ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে ফোন করে মালিককে বিষয়টি জানান। পরে বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘সমুদ্রে জেলে ও নৌযান বিপদে পড়লে জরুরি উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে কোস্ট গার্ড।’
এএ/আরএন