বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আনসার-ভিডিপি মহাপরিচালক।
বৈঠকে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা, শৃঙ্খলা এবং যাত্রী ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় আনসার সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বিমানবন্দরগুলোর নিরাপত্তায় আনসার সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন মন্ত্রী। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় তাদের নিবেদিত ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের প্রস্তুতি ও সমন্বয় কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন আনসার-ভিডিপি মহাপরিচালক।
বৈঠকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
-টিএস