গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে ইসরায়েল গড়িমসি করছে বলে অভিযোগ করেছে হামাস ও কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠী। মঙ্গলবার (১৮ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া কায়রোতে ফাতাহর ডেমোক্রেটিক ন্যাশনাল কারেন্টের প্রধান মোহাম্মদ দাহলানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজার রাজনৈতিক ও মাঠপর্যায়ের পরিস্থিতি, যুদ্ধবিরতি আলোচনা এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়।
হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার প্রচেষ্টা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
পরে খলিল আল-হাইয়া বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর নেতা ও প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে তিনি মধ্যস্থতাকারী এবং মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে তাঁর সাম্প্রতিক আলোচনার বিষয়ে তাদের অবহিত করেন।
বৈঠক শেষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নেতারা অভিযোগ করেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে গড়িমসি করছে এবং আগে সম্মত হওয়া কয়েকটি প্রতিশ্রুতি থেকে সরে গেছে।
এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও টেকসই করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। মার্কিন দূত জ্যারেড কুশনার সম্প্রতি কায়রোতে খলিল আল-হাইয়ার সঙ্গে এবং পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
তবে ইসরায়েল হামাসের নিরস্ত্রীকরণকে সেনা প্রত্যাহার ও গাজার পুনর্গঠনের যেকোনো উদ্যোগের পূর্বশর্ত হিসেবে দেখছে। এ কারণে যুদ্ধবিরতি পরিকল্পনার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো অচলাবস্থা রয়েছে।
-টিএস