হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে একাধিক ফ্লাইটের যাত্রীর বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি)। গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট সি-শিফটের পৃথক অভিযানে ১৩৩ গ্রাম স্বর্ণ, ২,৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ঔষধ, ৫১ কার্টুন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। আটককৃত পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
ট্রলির গোপন স্থানে ১৩৩ গ্রাম স্বর্ণ
গোপন সংবাদে জানা যায়, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল১৮৯ (কলম্বো–ঢাকা) ফ্লাইটে এক যাত্রী অবৈধভাবে স্বর্ণ নিয়ে ঢাকায় আসবেন। তথ্য পাওয়ার পর সি-শিফটের কর্মকর্তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে সতর্ক নজরদারি শুরু করেন।
ফ্লাইটটি আনুমানিক দুপুর ১২টায় অবতরণের পর ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে যাত্রী MD PARVEZ গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।
একপর্যায়ে তাঁর ব্যবহৃত ট্রলির বিশেষভাবে তৈরি গোপন (কনসিলড) স্থানে কৌশলে লুকানো ১৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। একই সঙ্গে তার লাগেজে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ২,৫৮৯ পিস শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ঔষধ।
যাত্রী এসব ঔষধ আমদানির পক্ষে প্রয়োজনীয় বৈধ অনুমতিপত্র ও প্রাসঙ্গিক দলিলাদি উপস্থাপন করতে ব্যর্থ হন। ফলে স্বর্ণ ও ঔষধসহ সংশ্লিষ্ট পণ্য ডিএম-এর মাধ্যমে আটক করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।
এআই২৩৭-এ মিলল বিদেশি মদ
পৃথক আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটে আগত যাত্রী জনি মিয়ার ব্যাগেজ তল্লাশি করে ৬ লিটার গ্র্যান্টস ব্র্যান্ডের বিদেশি মদ আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
ইকে০৫৮৬-এ সিগারেট ও শত শত সিরাম
একই দিনে এমিরেটসের ইকে০৫৮৬ ফ্লাইটে আগত যাত্রী মো. মিজানুর রহমানের ব্যাগেজ তল্লাশি করে ২৯ কার্টন সিগারেট এবং ৭০৮ পিস পাকিস্তানি হোয়াইটিং সিরাম আটক করেন সি-শিফটের কর্মকর্তারা। আটককৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ১০০ টাকা।
বিএস৩১৬-এ ৩০ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম
অপর এক অভিযানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস৩১৬ ফ্লাইটে আগত যাত্রী সুমা বেগমের ব্যাগেজ তল্লাশি করে ৩০ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
একদিনেই ৪২ লাখ ৮৮ হাজার টাকার পণ্য আটক
১৫ আগস্টের সার্বিক অভিযানে সি-শিফট ১৩৩ গ্রাম স্বর্ণ, ২,৫৮৯ পিস ঔষধ, ৫১ কার্টন সিগারেট, ৩১ কেজি নিষিদ্ধ ক্রিম, ৭০৮ পিস নিষিদ্ধ সিরাম এবং ৬ লিটার বিদেশি মদ আটক করেছে। সব মিলিয়ে আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ ৮৮ হাজার টাকা।
উল্লেখ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির সমন্বয়ে একই দিনে একাধিক ফ্লাইটে পরিচালিত এসব অভিযান বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে সিআইআইডির সক্রিয় তৎপরতার প্রতিফলন।