মাদারীপুরের কালকিনির গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার সকালের এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এদিন যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল সরদার নামে এক যুবক আহত হয়েছেন। এছাড়া মেহেরপুর জেলা শহরের তিন স্থানে বোমাসদৃশ তিনটি বক্স ঘিরে আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ গিয়ে উদ্ধারের পর জানা যায়, সেগুলো সাউন্ডবক্স ছিল। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কালকিনি-ডাসার (মাদারীপুর) : পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসা লাগোয়া ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এতে ওই মাদ্রাসার আবিদা, জান্নাত মিনহা ও মাইমুনাসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহতদের উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় ইমন সরদার বলেন, আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো আমি সঠিকভাবে বলতে পারছি না। ওই মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, মাদ্রাসায় হঠাৎ করেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
কালকিনি থানার ওসি জানান, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থল পরিদর্শনের পর মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
যশোর : এদিন বেলা ১১টার দিকে কেশবপুরের মধ্যকুল নাথপাড়া সড়কে ককটেল বিস্ফোরণে আহত জুয়েল সরদার ওই এলাকার খানজাহান আলীর ছেলে। তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে ওই হাসপাতালের চিকিৎসক জিহাদুল ইসলাম জানান, আহত ব্যক্তির পায়ের ক্ষতস্থানে বারুদের গন্ধ বা বারুদে পোড়ার মতো চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে জুয়েলকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তবে ওই হাসপাতালের চিকিৎসক জিহাদুল ইসলাম জানান, আহত ব্যক্তির পায়ের ক্ষতস্থানে বারুদের গন্ধ বা বারুদে পোড়ার মতো চিহ্ন পাওয়া যায়নি।
কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানান, জুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, জুয়েলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা গেছে, এটি পরিকল্পিত ঘটনা নয়।
মেহেরপুর : জেলা শহরের তিন স্থানে বিদ্যুৎ সরবরাহের তারে বোমাসদৃশ বক্স ঝোলানোর ঘটনায় মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, কে বা কারা এগুলো রেখেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে প্রথম বক্সটি নজরে আসে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় এটি নামিয়ে আনে। বক্সটি খোলা হলে দেখা যায়, বিস্ফোরক নয়, ভেতরে সাউন্ডবক্সের সরঞ্জাম। এরপর শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থেকে একই ধরনের দুটি বক্স উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, পার্কের সামনে ঝোলানো বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শোনা যায়। এতে এলাকায় কৌতূহল ও আতঙ্ক তৈরি হয়।
এসএ