চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুর্ঘটনায় নিহত ও আহতদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, ‘তদন্ত করে যা পাওয়া যাবে, তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এখানে কারো পক্ষে-বিপক্ষে কিছু নেই। সরকারের দায়িত্ব হচ্ছে তদন্ত করে সঠিক তথ্য বের করে আনা এবং তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া।’
শিপইয়ার্ড দুর্ঘটনার আন্তর্জাতিক প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিন ইয়ার্ডের কমপ্লায়েন্সের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, গ্রিন ইয়ার্ডের গ্রেডিং সরকার করে না। হংকং কনভেনশনের নির্ধারিত নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান শর্ত পূরণ করলে গ্রিন ইয়ার্ডের সনদ পায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ইয়ার্ডের কমপ্লায়েন্সে কোনো ঘাটতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
এর আগে শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজের ভেতর থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর জাহাজের ভেতরে গ্যাসের উপস্থিতি থাকায় উদ্ধারকাজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি ইউনিট মোতায়েন করা হয়েছে।
চমেক হাসপাতালে নিহত ও আহতদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি অর্থমন্ত্রী তাদের চিকিৎসা এবং দুর্ঘটনার তদন্তের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
-টিএস