সারা বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া এবং শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, “সারা বাংলাদেশে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, আল্লাহ পাক তাদের কবুল করুন এবং আহতদের সুস্থতা দান করুন। এ সরকার ও সবাই যেন শহীদ পরিবারগুলোর জন্য কিছু করতে পারে। কিছু করার মধ্য দিয়ে শহীদদের প্রতি যে ঋণ, তা যেন কিছুটা শোধ করতে পারি।”
বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মীরপাড়া টোকরাভাষা এলাকায় চব্বিশের ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের গুলিতে নিহত পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ সাজু মিয়ার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আগে শ্রমিক অধিকার পরিষদের নেতারা উপজেলা চত্বরে স্থাপিত শহীদ সাজু লাইব্রেরি পরিদর্শন করেন। পরে তারা শহীদ সাজু মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এরপর শহীদের কবর জিয়ারত করে স্মরণসভায় অংশ নেন নেতাকর্মীরা।
এ সময় নুরুল হক নুর ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে শহীদ সাজুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
স্মরণসভা শেষে শহীদ সাজু মিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আল ইমরান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ ও ধর্মবিষয়ক সম্পাদক আব্দুর রহমান; পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক রহিম বাদশা; ছাত্র অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি রাজ্জাকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রিশাদ; পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী এবং পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মনিরুজ্জামান মনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এইচআর/আরএন