নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সাঁকো পার হওয়ার সময় হঠাৎ একাংশ ভেঙে নদীতে পড়ে যান সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী। তবে অল্পের জন্য রক্ষা পেলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ডিমলা উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নকে সংযোগকারী কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে এটির বর্তমান অবস্থা স্বচক্ষে দেখতে এবং নতুন ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শনে যান নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় উপজেলা আমিরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও গ্রামবাসী তার সঙ্গে ছিলেন।
পরিদর্শনের একপর্যায়ে অতিরিক্ত মানুষের চাপে সেতুটির একটি অংশ হঠাৎ মচকে ভেঙে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। তবে স্থানীয়দের ও উপস্থিত সফরসঙ্গীদের দ্রুত তৎপরতায় সংসদ সদস্য নিরাপদে সরে যেতে সক্ষম হন। দুর্ঘটনায় কয়েকজন সাময়িক আঘাত পেলেও গুরুতর কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান জানান, দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ সেতু হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।
পরে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আজকের এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হলো গ্রামের মানুষ কত কষ্টে যাতায়াত করছেন। এই এলাকায় নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ ও কাঁচা রাস্তা পাকাকরণে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।’
টিআইএস