ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জনসম্মুখে উপস্থিতি এবং সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকের ভিডিও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দেশটির বাসিজ বাহিনীর এক উপ-কমান্ডার।
রোববার (৯ আগস্ট) বাসিজের উপ-কমান্ডার কাসেম কোরাইশির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম মিজান। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অধীনস্থ স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজ ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে।
কাসেম কোরাইশি জানিয়েছেন, মোজতবা খামেনির জনসম্মুখে উপস্থিতি এবং সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকের ভিডিও শিগগিরই প্রকাশ করা হবে।
গত মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। ফলে তাঁর প্রকাশ্য উপস্থিতির ভিডিও প্রকাশের ঘোষণা ইরানের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মোজতবা খামেনির প্রকাশ্য উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা থাকলেও ইরানি কর্তৃপক্ষ এবার তাঁর জনসম্মুখে আসার ভিডিও প্রকাশের কথা জানাল।
-টিএস