ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে একটি মহল: মির্জা ফখরুল
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:০৮ পিএম আপডেট: ০৮.০৮.২০২৬ ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি মহল পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব পড়ে বিএনপির ওপর। বিএনপি যখন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ করছে, তখন একটি মহল, একটি দল অস্থিতিশীলতা সৃষ্টি করছে। আমি মনে করি, দেশকে আবার একটি অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য তারা যে কাজটি করছে, তা অন্যায়।”

তিনি বলেন, “এ জন্য আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। আমরা অতীতে দেখেছি, যখন দেশ উপরে উঠতে থাকে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে আবার দেশকে পেছনের দিকে নিয়ে যায়।”

চিকিৎসকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আপনারা সমাজের সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষ এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। আপনাদের আজ এই কথাগুলো জনগণের মধ্যে প্রচার করতে হবে যে, দেশের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ দরকার, যে বাংলাদেশে আমরা নতুন করে উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে চাই।”

তিনি বলেন, “আসুন, এই লক্ষ্যে আমরা শপথ নিই—তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ব। আমাদের স্লোগান হবে—‘সবার আগে বাংলাদেশ’।”

বৃক্ষরোপণ ও পতাকা উত্তোলন

জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ চিকিৎসক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান এলডি হল প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন। এরপর প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান কবুতর ও বেলুন উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন।

সমাবেশে ‘বাংলাদেশের স্বাস্থ্য খাত: সংকট থেকে সমাধান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোস্তফা আদিব সুমন। ‘জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার উত্থান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাইফ মোহাম্মদ।

ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এসএম জিয়াউদ্দিন হায়দার এবং ড্যাব মহাসচিব জহিরুল ইসলাম শাকিল বক্তব্য দেন।

জেবি/এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝