ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কৃষকদলের নতুন নেতৃত্বে কারা? কমিটি ঘিরে জোর আলোচনা
✎ জাহিদ বিপ্লব
⏲ প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:১৮ এএম
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন কার্যক্রমে গতি এনেছে। দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের নতুন নেতৃত্ব নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষকদলের নতুন কমিটি নিয়ে দলীয় অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, শিগগিরই কৃষকদলের নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। সভাপতি ও সাধারণ সম্পাদক—উভয় পদেই একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। ইতোমধ্যে সংগঠনের দায়িত্বশীল নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব বৈঠকের আলোকে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমান কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সভাপতি এবং শহিদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরে একই বছরের ৭ ডিসেম্বর ২৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। মেয়াদ শেষ হলেও নতুন কমিটি না হওয়ায় দীর্ঘদিন ধরেই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পুনর্গঠনের দাবি জোরালো হয়ে ওঠে।

দলীয় নেতাদের মতে, গত কয়েক বছরে সরকারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচি এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণসহ নানা রাজনৈতিক কর্মসূচিতে কৃষকদল সক্রিয় ভূমিকা পালন করেছে। তবে সংগঠনের শীর্ষ পর্যায়ের অনেক নেতা বর্তমানে সংসদ সদস্য, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে আগের মতো সময় দিতে পারছেন না। ফলে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে।

সূত্র জানায়, বর্তমান কমিটির সাধারণ সম্পাদকসহ ছয়জন নেতা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রতিমন্ত্রীর মর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি ও সংসদীয় ব্যস্ততার কারণে কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রমে কিছুটা শিথিলতা এসেছে বলে মনে করছেন সংগঠনের নেতাকর্মীরা। তাই নতুন ও সক্রিয় নেতৃত্বের মাধ্যমে কৃষকদলকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।

সম্প্রতি ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। পরে কৃষকদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি। বৈঠকে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূলকে সক্রিয় করা এবং নতুন নেতৃত্ব গঠনের বিষয়টি গুরুত্ব পায় বলে দলীয় সূত্রে জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, এসব বৈঠক অঙ্গসংগঠন পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ধাপ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দ্য ডেইলি অবজারভারকে বলেন, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে। সংগঠনের প্রয়োজন বিবেচনায় নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভাপতি পদে যাদের নাম আলোচনায়

দলীয় সূত্র অনুযায়ী, সভাপতি পদে বর্তমান সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম এবং বর্তমান সহ-সভাপতি খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম)-এর নাম গুরুত্বের সঙ্গে আলোচনায় রয়েছে। সংগঠনের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, আন্দোলনে ভূমিকা এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ—এসব বিষয় বিবেচনায় রেখেই সভাপতি নির্বাচন করা হতে পারে বলে জানা গেছে।

সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য মুখ

সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং অ্যাসোসিয়েশন অব অ্যাগ্রিকালচারিস্টস অব বাংলাদেশ (এ্যাব)-এর সাধারণ সম্পাদক ও কৃষকদলের যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন বিপ্লবের নাম আলোচনায় রয়েছে। একাধিক সূত্রের দাবি, কৃষিবিদ মেহেদী হাসান পলাশের নাম বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। তবে শেষ পর্যন্ত ভারসাম্য, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গ্রহণযোগ্যতার বিষয়টি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকেও কয়েকজনকে কৃষকদলের গুরুত্বপূর্ণ পদে আনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে। নতুন নেতৃত্বে তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় ঘটানোর চেষ্টা করা হচ্ছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন কমিটি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দ্য ডেইলি অবজারভারকে বলেন, এ বিষয়ে তাঁর কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। তবে সংগঠনের প্রয়োজনেই পরিবর্তন আসতে পারে এবং মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে। তিনি বলেন, “নতুন কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদেরই মূল্যায়ন করা হবে।”

দলীয় নেতাদের মতে, নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে। একই সঙ্গে কৃষক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝