কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জনকে ঘিরে নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি বলেন, পরিকল্পিতভাবে এমন ঘোষণা এলে দলটির নেতাকর্মীরা উৎসাহিত হতে পারতেন। কিন্তু এখন এ ধরনের ঘোষণার কারণে অনেকেই জেলে যাচ্ছেন এবং আইনি জটিলতায় পড়ছেন।
ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, তিনি দেশের যে ক্ষতি করেছেন, তার বিচার হলেও তা কম হবে।
তবে জুলাই দিবসে তারেক রহমান ড. ইউনূসকে যে সম্মান দেখিয়েছেন, সেটিকে তিনি রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার অধ্যাপক ইউনূসের সময়ের তুলনায় ভালোভাবে দেশ পরিচালনা করছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি দুর্ভাগা দল। ব্রিটিশবিরোধী আন্দোলনের শেষ পর্যন্ত তারা ব্রিটিশদের পক্ষে ছিল। মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতার পক্ষে না দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এ কারণেই তাদের অধঃপতন হয়েছে।’
টিঅইএস