ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গ্যাস-বিদ্যুতের তীব্র সংকটে দেশজুড়ে জনদুর্ভোগ
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:২৩ এএম
X

তীব্র গরমের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সংকট একযোগে প্রকট হওয়ায় দেশজুড়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর প্রভাব পড়েছে শিল্পকারখানা, পরিবহন, সিএনজি ফিলিং স্টেশন এবং আবাসিক গ্রাহকদের ওপর। কোথাও দিনে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, আবার কোথাও ২০ থেকে ২৫ বার পর্যন্ত লোডশেডিং হচ্ছে।

পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৩টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ৯৪০ মেগাওয়াট। সে সময় লোডশেডিং ছিল ২ হাজার ৫৭৭ মেগাওয়াট। তবে শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। এ সময়ে সরকারি হিসাবেই ৩ হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং হয়েছে। রাত ১টায় ঘাটতি সর্বোচ্চ ৩ হাজার ৫১২ মেগাওয়াটে পৌঁছায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, সংকটের মূল কারণ গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক প্রধান প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানান, কয়েক সপ্তাহ আগেও বিদ্যুৎ উৎপাদনে দৈনিক প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। রোববার সেই সরবরাহ নেমে এসেছে মাত্র ৬৮ কোটি ঘনফুটে। ফলে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না।

সংকটের পেছনে রয়েছে মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে গত ২১ জুলাইয়ের অগ্নিকাণ্ড। দুর্ঘটনার পর টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। বর্তমানে দেশে দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ২১৫ কোটি ঘনফুট, যেখানে চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। এক্সিলারেট এনার্জির টার্মিনালটির মেরামত কাজ চললেও কবে তা পুনরায় চালু হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো সময় জানাতে পারেনি পেট্রোবাংলা।

শিল্পে উৎপাদন ব্যাহত

গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও ফতুল্লার গ্যাসনির্ভর শিল্পকারখানাগুলোতে প্রয়োজনীয় ১৫ পিএসআই চাপের পরিবর্তে মিলছে মাত্র ২ থেকে ৩ পিএসআই। ফলে টেক্সটাইল, তৈরি পোশাক, স্পিনিং ও সিরামিক খাতের উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে।

অনেক কারখানা দিনে উৎপাদন বন্ধ রেখে রাতে কাজ চালানোর চেষ্টা করছে। সময়মতো রপ্তানি পণ্য সরবরাহ করতে না পেরে উদ্যোক্তারা অতিরিক্ত ব্যয়ে বিমানপথে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ডিবিএল গ্রুপ সাময়িকভাবে তাদের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে এবং শ্রমিকদের ছুটিতে পাঠিয়েছে। এ পরিস্থিতিতে বিকেএমইএ ও বিটিএমএ দ্রুত শিল্পে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছে।

পরিবহন ও আবাসিক খাতে দুর্ভোগ

গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে। অনেক চালক রাতভর অপেক্ষা করেও মাত্র ২০০ থেকে ৩০০ টাকার গ্যাস নিয়ে ফিরছেন। ফলে সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও বাসের সংখ্যা কমে গেছে। যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অনেক এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

আবাসিক গ্রাহকদের অবস্থাও নাজুক। দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস না থাকায় অনেক পরিবার হোটেলের খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কেউ কেউ বৈদ্যুতিক চুলা ব্যবহার করলেও বিদ্যুৎ সংকটের কারণে সেটিও কার্যকর বিকল্প হয়ে উঠছে না। ফলে গ্যাস ও বিদ্যুতের যুগপৎ সংকটে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।

বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

দীর্ঘদিনের লোডশেডিংয়ের প্রতিবাদে সোমবার বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

আন্দোলনকারীদের অভিযোগ, পায়রা ও তালতলী বিদ্যুৎকেন্দ্রের জেলা হওয়া সত্ত্বেও বরগুনার মানুষ সবচেয়ে বেশি বিদ্যুৎ সংকটে ভুগছেন। জেলা শহরে প্রায় ৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে মাত্র সাড়ে ৩ মেগাওয়াট। পল্লি এলাকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। দ্রুত অবস্থার উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

কিশোরগঞ্জে বৃহস্পতিবার পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ

জাতীয় গ্যাস সংকটের মধ্যেই কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদের তলদেশে তিতাসের মূল সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলার গ্যাস পরিস্থিতি আরও জটিল হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন মেরামতের কাজ চলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনাপাথরের কারখানা স্থাপনের চেষ্টা বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের দাবি, অবৈধ সংযোগ নেওয়ার সময় পাইপলাইনে বড় ধরনের লিকেজ সৃষ্টি হয় এবং এর পর থেকেই বিপুল পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

তিতাস গ্যাসের কিশোরগঞ্জ কার্যালয় জানিয়েছে, এ ঘটনায় জেলার আট হাজারের বেশি গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। পাইপলাইন মেরামত শেষ হলেও জাতীয় পর্যায়ে গ্যাসের ঘাটতি থাকায় পরিস্থিতি দ্রুত পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝